Views Bangladesh Logo

বিরোধী দলে একাত্তরের বিরোধীদের দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সংসদে বিরোধী দলের ভূমিকায় দেখতে লজ্জা লাগে। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

রোববার (১৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদয়ন মোড়ের আলাউদ্দিন হোটেল থেকে রেলস্টেশন গেট পর্যন্ত ইউনিব্লক সড়কের উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র চার মাস হলেও শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত এক দশকে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছিল। অটোপাস ও নম্বর প্রদানের নানা পদ্ধতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে এবং শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করছেন। এ প্রচেষ্টায় সহযোগিতা না করে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতাকর্মী উসকানি দিচ্ছেন।

বিএনপি ক্ষমতায় জনগণের সমর্থন নিয়ে এসেছে উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, উসকানি দিয়ে সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও শিক্ষার মান উন্নয়নে সরকার আপসহীনভাবে কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলার আব্দুল বারেক, মাসিদুল হক নিখিলসহ স্থানীয় নেতারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ