Views Bangladesh Logo

স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে পণ্য বহুমুখীকরণের আহ্বান শামা ওবায়েদের

স্পেনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ লক্ষ্যে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ করতে স্প্যানিশ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) স্পেনের সেভিলে তৃতীয় বাংলাদেশ-স্পেন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের একজন মন্ত্রী, সিনেটর, স্থানীয় জনপ্রতিনিধি এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক্সপোতে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাটজাত পণ্য, রাসায়নিক ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন খাতের প্রায় ৪০টি বাংলাদেশি ও স্প্যানিশ প্রতিষ্ঠান অংশ নেয়।

বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। ওষুধশিল্প, চামড়া ও জুতা উৎপাদন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এসব খাতে স্প্যানিশ বিনিয়োগকারীরা এগিয়ে এলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের পাটশিল্পের সম্ভাবনা তুলে ধরে শামা ওবায়েদ পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, ফ্যাশন ও নকশাশিল্পে পাটের উদ্ভাবনী ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিসর বাড়ানোর সুযোগ রয়েছে।

এক দিনের এ প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ