লন্ডনে জলবায়ু অর্থায়ন, বাংলাদেশের উন্নয়ন-পররাষ্ট্রনীতি তুলে ধরলেন শামা ওবায়েদ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চ্যাথাম হাউসের গোলটেবিল আলোচনায় বাংলাদেশের উন্নয়ন-অগ্রাধিকার ও পররাষ্ট্রনীতির লক্ষ্য তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শমী ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ আলোচনায় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ ও কৌশলগত পরিকল্পনার কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চ্যাথাম হাউস ও যুক্তরাজ্যের অন্যান্য শীর্ষস্থানীয় গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের চলমান কার্যক্রম ও অগ্রাধিকারগুলো নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সামাজিক সহনশীলতা জোরদার করা, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সব দেশের সঙ্গে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার যে রূপরেখা সরকারের রয়েছে, তাও তিনি তুলে ধরেন।
আলোচনায় উঠে আসে অর্থনৈতিক কূটনীতি, ব্যবসা ও বিনিয়োগ, মানবাধিকার, তরুণদের ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সৃজনশীল অর্থনীতির মতো বিষয়। এ ছাড়া জলবায়ু সহনশীলতা, জলবায়ু অর্থায়ন এবং আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকার গুরুত্ব পায়। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা ও পররাষ্ট্রনীতির সার্বিক দিকও আলোচনায় ছিল।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খোলামেলা মতবিনিময়ের সুযোগ রাখতে আলোচনাটি 'চ্যাথাম হাউস রুল' মেনে অনুষ্ঠিত হয়। এই নিয়মে অংশগ্রহণকারীরা আলোচনার তথ্য ব্যবহার করতে পারেন, তবে বক্তা বা অন্য কারও পরিচয় প্রকাশ করা যায় না
মতামত দিন