অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ
অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) শুরু হওয়া এ সফর চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরের প্রথম পর্যায়ে স্পেনের সেভিলে যাবেন শামা ওবায়েদ। সেখানে আগামীকাল তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এবারের এক্সপোর প্রতিপাদ্য ‘শক্তিশালী অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’।
এ আয়োজনে বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
স্পেনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর আলোচনা করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
ইউরোপের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মতামত দিন