Views Bangladesh Logo

জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব নিশ্চিত করতে অর্থায়নের তাগিদ শামা ওবায়েদের

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের পাশাপাশি পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ জন্য জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং জলবায়ু তহবিলে নারীদের প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ‘পলিসি টু প্র্যাকটিস: স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স: বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ।

শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের বিষয়টি জানানো হয়।

অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক জলবায়ুবিষয়ক উইং গঠন করা হয়েছে। এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

জলবায়ু পরিকল্পনা ও অর্থায়নে নারীদের অবস্থান শক্তিশালী করতে জেন্ডারভিত্তিক পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ, জ্ঞান ব্যবস্থাপনার উন্নয়ন এবং অর্থায়নে নারীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুবিনা ফেরদৌসী। তিনি বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতি তুলে ধরেন।

রুবিনা ফেরদৌসী জানান, ২০২৪ সালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা (সিসিজিএপি) গ্রহণ করেছে। বর্তমানে এ পরিকল্পনা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। এর অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও অধিদপ্তরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, প্রশিক্ষণ এবং নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম বিশেষজ্ঞ দিলরুবা হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ, যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার, ইউএন উইমেন সদর দপ্তরের নীতি উপদেষ্টা ভেঙ্গে নিয়িরিঙ্গো, ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যালেক্সিস বোনেল এবং এশিয়া-প্যাসিফিক রিসোর্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেনের (অ্যারো) জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা নিকা কাস্তিলো।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীদের প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে সরকারি বরাদ্দের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে জেন্ডার-সংবেদনশীল বাজেট প্রণয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর অর্থায়ন কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই অভিযোজন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তাঁদের প্রয়োজন, অভিজ্ঞতা ও অগ্রাধিকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, জেন্ডার-সংবেদনশীল জলবায়ু সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সিসিজিএপি একটি কার্যকর ভিত্তি তৈরি করেছে। তবে পরিকল্পনাটির বাস্তবায়ন ত্বরান্বিত করতে কপ৩১-পরবর্তী সময়ে সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ