Views Bangladesh Logo

শাকিরা-পিকের সেই বিলাসবহুল বাড়ির মালিক এখন ইয়ামাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল দুনিয়ায় নিজের জন্য আলাদা জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল। বার্সেলোনা ও স্পেনের হয়ে একের পর এক সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবনেও বড় এক অর্জনের খবর সামনে এসেছে। একসময় পপতারকা শাকিরা ও সাবেক বার্সেলোনা তারকা জেরার্ড পিকের মালিকানাধীন বিলাসবহুল বাড়িটি এখন ইয়ামালের।

স্পেনের এসপ্লুগেস দে লব্রেগাতের সিউদাদ ডায়াগোনাল আবাসিক কমপ্লেক্সে অবস্থিত বাড়িটির মূল্য ১ কোটি ইউরোরও বেশি। দীর্ঘ আলোচনার পর সম্পত্তিটির মালিকানা ইয়ামালের হাতে এসেছে বলে জানা গেছে।

২০১২ সালে স্থপতি মিরেইয়া আদমেতলা বাড়িটির নকশা করেন। তিনতলা এই বিশাল বাড়িটির পাশাপাশি রয়েছে দুটি ভূগর্ভস্থ স্তর। পুরো সম্পত্তিটি ৩ হাজার ৮০০ বর্গমিটারের বেশি জায়গাজুড়ে বিস্তৃত।

বাড়িটিতে বিলাসিতার প্রায় সব আয়োজনই রয়েছে। বড় বড় জানালার পাশাপাশি রয়েছে ঝর্ণাসহ আউটডোর সুইমিং পুল, ইনডোর সুইমিং পুল, ব্যক্তিগত জিম, প্যাডেল কোর্ট, সিনেমা কক্ষ, ওয়াইন সেলার, রেকর্ডিং স্টুডিও এবং ব্যক্তিগত ফুটবল মাঠ।

শাকিরা ও পিকের বিচ্ছেদের পর তাদের পুরোনো এই বাড়িটি নতুন মালিক হিসেবে পেল ইয়ামাল। জানা গেছে, বাড়িটির আগের সাজসজ্জার বেশির ভাগই তিনি রেখেছেন। তবে নিজের পছন্দ অনুযায়ী কিছু আসবাব যোগ করেছেন। নিজের অর্জন করা ট্রফি, পুরস্কার ও বিভিন্ন স্মারকও বাড়ির বিভিন্ন অংশে স্থান পেয়েছে।

সিউদাদ ডায়াগোনাল কমপ্লেক্সে মোট চারটি বাড়ি রয়েছে। এর একটি পিকের বাবা-মায়ের, আরেকটি শাকিরার বাবা-মায়ের। মূল বাড়িটিই এখন ইয়ামালের। চতুর্থ বাড়িটির সংস্কারকাজ এখনও শেষ হয়নি। উঁচু অবস্থানে থাকা এই আবাসিক এলাকা থেকে বার্সেলোনা শহর ও ভূমধ্যসাগরের মনোরম দৃশ্যও দেখা যায়।

বাড়িটির মালিকানা বদলের প্রক্রিয়ায় প্রায় তিন মাস ধরে আলোচনা চলে। ইয়ামাল নিজে উপস্থিত না থাকলেও তার আইনজীবীরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন বলে জানা গেছে।

একসময় শাকিরা ও পিকের পারিবারিক জীবনের নানা ঘটনা ও গণমাধ্যমের আলোচনার কেন্দ্র ছিল এই বাড়ি। তাদের বিচ্ছেদের পর এবার সেই বাড়িতেই নতুন অধ্যায় শুরু হলো ইয়ামালের।

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় ইয়ামালের। এরপর স্পেন জাতীয় দলের হয়েও গড়েছেন একের পর এক রেকর্ড। অল্প বয়সেই লিগ শিরোপা, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপসহ বড় সাফল্য পাওয়া এই তরুণ তারকা এখন মাঠের বাইরেও নিজের অবস্থান জানান দিচ্ছেন।

ফুটবল ক্যারিয়ারের শুরুতেই বিশ্বের অন্যতম আলোচিত তরুণ খেলোয়াড় হয়ে ওঠার পর এবার বার্সেলোনার অন্যতম পরিচিত বিলাসবহুল বাড়ির মালিকও হলেন ইয়ামাল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ