Views Bangladesh Logo

বিশ্বকাপ মাতাতে আসছে শাকিরার ‘দাই দাই’

Sports Desk

ক্রীড়া ডেস্ক

‘ওয়াকা ওয়াকা’ গান নিয়ে ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের আগে ঝড় তুলেছিলেন কলম্বিয়ার গায়িকা শাকিরা। সেই গানের আবেদন আজও ম্লান হয়নি। এবারের বিশ্বকাপের আগে তিনি নিয়ে আসছেন নতুন গান ‘দাই দাই’।

ইনস্টাগ্রামে গানের টিজার প্রকাশ করেছেন শাকিরা। সেখানে দেখা যাচ্ছে বিশ্বকাপের বল ‘ত্রিওন্দা’ সামনে রেখে ড্যান্সারদের সঙ্গে মিলে গাইছেন ও নাচছেন এই কলম্বিয়ান পপ সুপারস্টার। গানের কোরিওগ্রাফিতে আরও তিনটি ফুটবল ব্যবহার করা হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, গানটিতে শাকিরার সঙ্গে কাজ করেছেন নাইজেরিয়ান আফ্রোবিট তারকা বার্না বয়। আগামী ১৪ মে মুক্তি পাবে ‘দাই দাই’।

শাকিরা লিখেছেন, ‘‘মারাকানা স্টেডিয়াম থেকে হাজির হলো ‘দাই দাই’, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান।’’

ভিডিও ক্লিপটি ফিফার অফিশিয়াল বিশ্বকাপ এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আমরা প্রস্তুত!’

এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপেও শাকিরার উপস্থিতি থাকছে। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন।

ফুটবলের সঙ্গে শাকিরার যোগসূত্র অনেক পুরনো। ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে লাইভ পারফর্ম করেছেন তিনি। 'ওয়াকা ওয়াকা' দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পান ২০১০ বিশ্বকাপ চলাকালে। বিশ্বকাপ ইতিহাসের 'সেরা' থিম সং হিসেবে বিবেচিত হয় তার এই গানটি।
এ ছাড়া বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গেও দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ছিল শাকিরার। মিলান ও শাশা নামের দুই সন্তানও আছে এই সাবেক দম্পতির।

মেসি, নেইমার, সুয়ারেস, পিকেদের খেলা দেখতে বার্সেলোনার স্টেডিয়ামে নিয়মিতই দেখা যেত তাকে। ২০২২ সালে বিচ্ছেদ হয় শাকিরা ও পিকের।
গত ২ মে ব্রাজিলের কোপাকাবানা বিচে শাকিরা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কনসার্টে পারফর্ম করেন। এতে প্রায় ২০ লাখ মানুষের সমাগম হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ