Views Bangladesh Logo

জটিল রোগে আক্রান্ত শাকিল, চিকিৎসায় সহায়তার আবেদন

জন্মের পর অন্য শিশুদের মতোই হাসি-খেলাধুলায় কেটেছে শাকিলের শৈশব। কিন্তু হঠাৎ করেই ১৪ মাস আগে বিরল এক জটিল রোগে আক্রান্ত হয় সে। ধীরে ধীরে অচল হয়ে পড়ছে কিশোরটি। দরিদ্র মা-বাবা সন্তানের চিকিৎসা করাতে না পেরে এখন দিশেহারা।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের দিনমজুর জসিম উদ্দিনের ছেলে শাকিল (১৬) বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছে। পরিবারে পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে শাকিল অন্যতম। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা জসিম উদ্দিন। দিনমজুরি করতে পারলে পরিবারের খাবার জোটে, আর কাজ না থাকলে অনাহারেই কাটে দিন।

জসিম উদ্দিন জানান, একদিন সকালে ঘুম থেকে উঠে শাকিল হঠাৎ হাঁটতে পারছিল না। প্রথমে তারা ভেবেছিলেন সাময়িক কোনো সমস্যা। কিন্তু সময়ের সঙ্গে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। পরে চিকিৎসকেরা জানান, শাকিল বিরল ধরনের জটিল রোগে আক্রান্ত।

স্থানীয়ভাবে এবং ময়মনসিংহে চিকিৎসা করানো হলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। ফলে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

বর্তমানে শাকিলের চলাফেরা প্রায় বন্ধ। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, খেলাধুলা করার কথা, সেই বয়সে তাকে অধিকাংশ সময় একটি চেয়ারে বসে থাকতে হয়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন সব কাজেই তাকে মা-বাবার সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।

শাকিলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহায়তা চেয়েছেন তার বাবা-মা। কেউ সহযোগিতা করতে চাইলে শাকিলের বাবা জসিম উদ্দিনের বিকাশ নম্বর: ০১৩১০৬৭১৪৫৫ এ যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি সরাসরি বাড়িতে গিয়েও সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ