Views Bangladesh Logo

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরবেন সাকিব, খেলতে চান বিদায়ী সিরিজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে নিজের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচগুলো দেশের মাটিতে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়া সাকিব বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফিরতে তার কোনো আপত্তি নেই। আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করতেও প্রস্তুত তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সাকিবের দাবি, তিনি কোনো অন্যায় করেননি।

তবে সাকিবের দেশে ফেরার বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই। দেশে ফিরতে হলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। খেলোয়াড় হিসেবে বিষয়টি নিয়ে সরকার আগে নমনীয় অবস্থানে থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ আর নেই বলেও জানান তিনি।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করা এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। দেশের হয়ে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি সুযোগ পেলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তার। তবে দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়।

শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়েও কথা বলেছেন সাকিব। তার দাবি, ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি কেবল শান্তি ও বাংলাদেশের উন্নয়নের কথা বলেছিলেন। ওই অনুষ্ঠানের পর মাগুরায় তার বাড়িতে হামলার ঘটনাতেও কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন তিনি। দেশে ফেরার একটি উদ্যোগের কথাও উল্লেখ করে সাকিব জানান, নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর বিমানে উঠলেও পরে যাত্রাপথ থেকে তাকে ফিরে যেতে বলা হয়েছিল।

নিজের বিরুদ্ধে থাকা মামলা ও আর্থিক বিষয় নিয়েও কথা বলেছেন সাকিব। তার দাবি, ২০২৪ সালের আন্দোলনের সময় একজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলাটি ভিত্তিহীন, কারণ ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। দুর্নীতির অভিযোগে আরেকটি মামলাও রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যাংক হিসাব স্থগিত থাকায় অসন্তোষ প্রকাশ করে সাকিব বলেন, প্রয়োজনীয় তথ্য দিতে তিনি প্রস্তুত। কোনো অনিয়ম পাওয়া না গেলে হিসাবগুলো স্বাভাবিক করে দেওয়ারও দাবি জানান তিনি। দুই বছর ধরে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন বাংলাদেশের অন্যতম সফল এই অলরাউন্ডার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ