এবার সংবাদমাধ্যম ব্যবসায় সাকিব আল হাসান
ক্রিকেটার, সফল ব্যবসায়ী ও রাজনীতিকের পর এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। নতুন পরিচয়ে তিনি একজন সংবাদমাধ্যম প্রকাশক। যুক্তরাষ্ট্র থেকে তার সরাসরি তত্ত্বাবধানে চালু হতে যাচ্ছে একটি ডিজিটাল নিউজ পোর্টাল।
শীঘ্রই যাত্রা শুরু করতে যাওয়া সাকিবের এই সংবাদমাধ্যমটির নাম রাখা হয়েছে ‘বিয়ন্ড বাংলা’। এটি বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় পরিচালিত হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক এই অধিনায়ক নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ‘বিয়ন্ড বাংলা’য় শুধু টেক্সট বা খবরই নয়, গুরুত্ব পাবে ভিজ্যুয়াল কনটেন্টও। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও সংবাদমাধ্যমটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করবে।
সাকিব আল হাসান তার এই নতুন উদ্যোগ নিয়ে বলেন, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলা-ধূলা, বিনোদনসহ সব ধরনের সংবাদই গুরুত্ব দিয়ে প্রচার করা হবে। তবে আমরা চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার।
উল্লেখ্য, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান দেশের বাইরে রয়েছেন। জাতীয় সংসদ সদস্য পদ হারানোর পাশাপাশি তার বিরুদ্ধে দেশে আইনি জটিলতাও তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে খেলার মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই থাকছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে