Views Bangladesh Logo

সাকিবের নেতৃত্বে লিজেন্ডসদের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ২২ মাস দূরে থাকলেও দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও লিজেন্ডস টুর্নামেন্টে খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। এবার সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ দলের নেতৃত্ব পেয়েছেন তিনি।

এশিয়ান লিজেন্ডস লিগ কর্তৃপক্ষ ১৬ সদস্যের বাংলাদেশ টাইগার্স দল ঘোষণা করেছে। সাকিবের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাবেক ক্রিকেটার অলক কাপালি। টেস্টে হ্যাটট্রিকের কীর্তি থাকা অলকের পাশাপাশি দলে রয়েছেন উইকেটরক্ষক ধীমান ঘোষ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজু, মুক্তার আলী ও সাকলাইন সজীবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

শফিউল ইসলাম চলতি বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ জুটি এখনো ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে রয়েছে।

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নিচ্ছে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থারস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। টুর্নামেন্টে অংশ নিচ্ছেন এশিয়ার অনেক সাবেক তারকা ক্রিকেটার।

পাকিস্তান দলে রয়েছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও ইমরান নাজিরের মতো ক্রিকেটাররা। শ্রীলঙ্কার হয়ে খেলবেন তিলকরত্নে দিলশান, থিসারা পেরেরা ও কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিরা। ভারতের দলে আছেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং। আর আফগানিস্তান পাঠানসের নেতৃত্ব দেবেন আসগর আফগান।

২০২৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে। একই কারণে তিনি খেলতে পারেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগের মতো ঘরোয়া টুর্নামেন্টেও। তবে গত দুই বছরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ ও টি-টেন লিগে খেলেছেন তিনি। বর্তমানে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন এই অলরাউন্ডার।

এশিয়ান লিজেন্ডস লিগের এবারের আসর শুরু হচ্ছে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানসের ম্যাচ দিয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল ভারতের বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। সব ম্যাচ হবে লুসাকা স্পোর্টস গ্রাউন্ডে।

বাংলাদেশ টাইগার্স দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ