Views Bangladesh Logo

লঙ্কান প্রিমিয়ার লিগে একই দলে খেলবেন সাকিব-তাসকিন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলবেন তিনি। একই দলের হয়ে সরাসরি চুক্তিতে যুক্ত হন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও।

টুর্নামেন্ট আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। শাকিবকে পরিচয় করিয়ে দিতে গিয়ে লিগের পক্ষ থেকে তাকে 'টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার' হিসেবে বর্ণনা করা হয়। চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা ও শান্তচিত্তে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে জাফনা কিংসের জন্য বড় সম্পদ হিসেবে তুলে ধরা হয়।

তাসকিনের অন্তর্ভুক্তি প্রসঙ্গে লিগ কর্তৃপক্ষ জানায়, দলের বোলিং আক্রমণে যোগ হয়েছে 'ঝড়ো গতির শক্তি'। এর আগে ২০২৪ সালের আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তাসকিন।

এলপিএলে শাকিবের এটি নতুন অভিজ্ঞতা নয়। ২০২৩ সালে গ্যালে টাইটান্সের হয়ে ১০ ম্যাচে ১৩৮ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) এমআই এমিরেটসের হয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শাকিব।

জাফনা কিংস এলপিএলের সবচেয়ে সফল দল। এখন পর্যন্ত পাঁচটি আসরের মধ্যে চারটিতেই শিরোপা জিতেছে তারা। দুই বাংলাদেশি তারকার পাশাপাশি দলটি শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে ও দুনিত ওয়েলালাগেকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।

দুই বছর বিরতির পর এলপিএলের ২০২৬ আসর আগামী ১৭ জুলাই শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। কলম্বোয় গ্যালে মার্ভেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে জাফনা কিংস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ