নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সাকিবকে তলব
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে লড়বেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় তাকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
জাতীয় সংসদের নির্বাচনি এলাকা-৯১ ও মাগুরা-১ আসনের নির্বাচনি অনুসন্ধানী কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ তলব আদেশ দেন। তলব আদেশে বলা হয়েছে, আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে গত ২৯/১১/১৫ ইং তারিখ বুধবার ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, যা বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তৎমর্মে নিম্ন স্বাক্ষরকারী (সত্যব্রত শিকদার, নির্বাচনি অনুসন্ধান কমিটি, নির্বাচনি এলাকা-৯১, মাগুরা-১ এবং জেলা ও দায়রা জজ প্রথম আদালত, মাগুরা) দপ্তরে আগামী ৩১/১২/২০২৩ ইং তারিখ শুক্রবার বিকাল ৩টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, মনোয়ন পাওয়ার পর গত বুধবার নির্বাচনি এলাকায় প্রথমবার যান সাকিব। এ সময় শত শত মোটরসাইকেল আর প্রাইভেটকারের শো-ডাউন দেখা যায়। যা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ ওঠে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে