নির্বাচনে জয়ী হওয়ার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব
৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যেখানে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। গত কয়েক সপ্তাহ এই নির্বাচনী কাজে মাগুরায় ব্যস্ত সময় পার করেছেন তিনি। তবে নির্বচান শেষ করেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব।
আগামী ১৯ জানুয়ারী থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই ঢাকায় ফিরেছেন সাকিব। বিকেলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
আজ বিকেল ৩টার দিকে সাকিব ইনডোরে আসেন। মূলত অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি। সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।
উল্লেখ্য, গতকাল রোববার বিপুল ভোটের ব্যবধানে মাগুরা-২ আসনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী সাকিব। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়, নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে