Views Bangladesh Logo

আবারও আলোচনায় শাকিব খান ও সাবিলা নূরের জুটি

ঢালিউডে আবারও আলোচনায় শাকিব খান ও সাবিলা নূরের জুটি। নতুন সিনেমা ‘রকস্টার’–এ শাকিব খানের বিপরীতে আবারও দেখা যেতে পারে সাবিলা নূরকে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে চলচ্চিত্রপাড়ায়।

এর আগে জানা গিয়েছিল, ‘রকস্টার’ ছবিতে থাকবেন দুই নায়িকা। তাদের একজন হিসেবে তানজিয়া জামান মিথিলার নাম নিশ্চিত হলেও অন্য নায়িকা হিসেবে পাকিস্তানের কোনো শিল্পী যুক্ত হবেন—এমন আলোচনা চলছিল।

তবে ছবিটির প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ছবিটিতে কোনো পাকিস্তানি নায়িকা থাকছেন না। শাকিব খানের আগ্রহেই দ্বিতীয় নায়িকা হিসেবে একজন বাংলাদেশি শিল্পীকে নেওয়া হচ্ছে, আর তিনি হচ্ছেন সাবিলা নূর।

সূত্র আরও জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই সাবিলা নূরের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। সে ক্ষেত্রে ‘তাণ্ডব’ সিনেমার পর আবারও শাকিব খানের বিপরীতে বড় পর্দায় দেখা যাবে তাকে।

নতুন এই সিনেমাটি একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্পে নির্মিত হবে। এতে ভালোবাসার একটি ভিন্ন অধ্যায়ও তুলে ধরা হবে বলে জানা গেছে। তবে এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

এদিকে বছরের শুরু থেকেই ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। একের পর এক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করার পর আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘রকস্টার’ সিনেমার কাজ শুরু করবেন শাকিব খান।

নায়িকা নির্বাচন প্রসঙ্গে ছবির পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে নায়িকা নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে দুই-তিন দিনের মধ্যেই দ্বিতীয় নায়িকার নাম ঘোষণা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ