‘বরবাদ’ জুটির নতুন মিশন, ‘নিঃস্ব’ ঘিরে জমে উঠেছে জল্পনা
আবারও জুটি বাঁধতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর সাফল্যের পর এবার তাদের দেখা যেতে পারে ঢালিউডের আরও একটি নতুন সিনেমায়। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও ছবিটির সম্ভাব্য নাম হিসেবে শোনা যাচ্ছে ‘নিঃস্ব’, যা পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। শাকিব-ইধিকাকে নিয়ে নির্মিত তার প্রথম সিনেমা ‘বরবাদ’-এর পর এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমা।
শুরুর দিকে শাকিব খানের বিপরীতে অভিনেত্রী সাবিলা নূরের নাম বেশ জোরালোভাবে আলোচনায় এলেও এখন শোনা যাচ্ছে ইধিকা পালের কথা। বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত না হলেও এটুকু প্রায় নিশ্চিত যে, এই সিনেমায় থাকছেন না সাবিলা। এ বিষয়ে সিনেমার প্রযোজক শাহরীন আক্তার সুমি স্পষ্ট করে জানিয়েছেন, সাবিলাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। এরই মধ্যে বিশ্বস্ত একটি সূত্রের দাবি, শাকিব খানের বিপরীতে এবারও দেখা যেতে পারে ইধিকা পালকেই।
এ বিষয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, নায়িকার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, কয়েকজনকে নিয়ে ভাবা হচ্ছে, তাদের মধ্যে ইধিকার নামও রয়েছে। শুধু নায়িকা নয়, সিনেমার নামও এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন। অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি, আর সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবরে শুরু হবে শুটিং।
আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ভাষায়, নতুন সিনেমাটিও হবে অ্যাকশনধর্মী, তবে গল্প, নির্মাণ ও চরিত্রের উপস্থাপনায় দর্শক এবার শাকিব খানকে দেখবেন একেবারে নতুনভাবে। উল্লেখ্য, গত ঈদে ‘রকস্টার’ মুক্তির পরপরই ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে অংশ নেন শাকিব খান এবং থাইল্যান্ডের ব্যাংককে প্রায় এক সপ্তাহের শুটিং শেষে গত মাসে দেশে ফেরেন তিনি।
এদিকে ইধিকা পাল সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। পাশাপাশি জানা গেছে, আসন্ন মহালয়া উপলক্ষে ভারতের একটি বাংলা টেলিভিশন চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার রূপেও দেখা যেতে পারে তাকে। ক্যারিয়ারের শুরুতে টিভি নাটকে কাজ করা ইধিকার ২০২৩ সালে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়েই ঘটে রুপালি পর্দায় অভিষেক।
মতামত দিন