Views Bangladesh Logo

শাকিব খানের জন্মদিনে ‘রকস্টার’ সিনেমার টিজার প্রকাশ

বর্তমানে ঢালিউডের সবচেয়ে ব্যস্ত অভিনেতা শাকিব খান। দুই দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান ধরে রেখেছেন। দর্শক উচ্ছ্বাস ও হল মালিকদের আস্থার নাম যেন শাকিব খান। প্রযোজক ও পরিচালকরাও তার ওপর ভরসা খুঁজে পান। প্রতি বছরই ঈদে তার একাধিক সিনেমা মুক্তি পায়, যা অনেক হল মালিকের মুখে হাসি ফোটায় এবং বন্ধ হয়ে যাওয়া অনেক সিনেমা হলকে আবার চালু করতে সহায়তা করে।


এ বছর আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমাটি মুক্তি পেয়েছে। তবে এবার শাকিব খানকে কিছুটা নীরব মনে হচ্ছে। তবুও বলা যায় না যে তিনি ব্যর্থ হয়েছেন, আবার পুরোপুরি সফলও বলা যাচ্ছে না। ঈদে মুক্তির পর থেকেই ‘প্রিন্স’ নানা জটিলতার মুখে পড়ে। সর্বাধিক হলে মুক্তি পেলেও প্রযুক্তিগত সমস্যার কারণে ঈদের প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হয়নি বলে জানান প্রযোজক ও পরিচালক। চতুর্থ দিন থেকে প্রদর্শন শুরু হলেও টিকিট বিক্রি হওয়া সত্ত্বেও বিভিন্ন শাখায় প্রযুক্তিগত ত্রুটির কারণে টাকা ফেরত দিতে হয়েছে। ফলে প্রত্যাশার তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে ‘প্রিন্স’। তবে একক প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি ভালোই চলছে, তাই একে বড় ধরনের ব্যর্থতা বলা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, এবার শাকিব খান কিছুটা চাপের মধ্যে থাকলেও পরাজিত নন।


বর্তমানে শাকিব খান মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এরই মধ্যে কয়েকদিনের শুটিং শেষ হয়েছে। আজ ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। ১৯৭৯ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করা এই তারকার বিশেষ দিনে ‘রকস্টার’ সিনেমার টিজার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিচালক আজমান রুশো। তিনি বলেন, “সময়ের সঙ্গে মানানসই একটি ট্রেন্ডি রকস্টার লুক আমরা তুলে ধরব। এখানে তিনি একজন রক মিউজিশিয়ান, যিনি নিজেই গান লেখেন ও সুর করেন। এই ধারণা থেকেই চরিত্রটি তৈরি করা হয়েছে। জন্মদিন উপলক্ষে আজই এটি সবার সামনে আনা হবে।”


পরিচালকের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। শুটিংয়ের আগে তিনি গিটার বাজানোও অনুশীলন করেছেন। গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক—সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আইমান আসিব স্বাধীন এবং প্রযোজনা করছে সান কমিউনিকেশন। শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। প্রধান নায়িকা হিসেবে সাবিলা নূরের নাম শোনা গেলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


নতুন রূপে শাকিব খানকে দেখতে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিটি সিনেমায় নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন তিনি, এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে।


যদিও শাকিব খানের জন্ম গোপালগঞ্জে, তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ