কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব আল হাসান
দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফেরার বিষয়ে আশাবাদী থাকার কথা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম স্পোর্টস্টাসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
সাকিব বলেন, বাংলাদেশের পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে এবং সে কারণেই এখনও আশাবাদী। বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। কাল কী হবে তা আপনি কখনোই বলতে পারবেন না, আর সে কারণেই আমি এখনও আশাবাদী।
তিনি আরও জানান, জাতীয় দলে ফেরার বিষয়টি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। তবে পরিস্থিতি সমাধানে চেষ্টা করছেন তিনি।
সাকিবের কথায়, ‘বাংলাদেশ দলে ফেরার বিষয়টি আমার নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি একটি সমাধান খোঁজার চেষ্টা করছি।’
দেশে ফেরার সময় সম্পর্কে ইঙ্গিত দিয়ে সাকিব বলেন, আমি আশাবাদী যে, বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে… একটি বিষয় নিশ্চিত— আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।
অবসর প্রসঙ্গে সাকিব স্পষ্ট করে জানান, তিনি শুধুমাত্র একটি বিদায়ী ম্যাচ খেলে বিদায় নিতে চান না। বরং এখনও তার শরীর ও পারফরম্যান্স তাকে ক্রিকেট চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দিচ্ছে।
সাকিব বলেন, আমি এখনও শারীরিকভাবে ফিট এবং বিশ্বাস করি, আমার এখনও দেওয়ার মতো অনেক কিছু আছে।
তিনি আরও যোগ করেন, ‘আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে শুধু একটি বিদায়ী ম্যাচের সৌজন্যে দলের ওপর বোঝা হয়ে দাঁড়াবো।’
ফিটনেস প্রসঙ্গে সাকিব জানান, পুরোপুরি প্রস্তুত হতে তার এক মাসের মতো সময় লাগতে পারে। তবে ঘরের মাঠে আবারও খেলার ইচ্ছা তার সবসময়ই থাকবে বলে জানান তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত সাকিব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে