বিএসইসি শুভেচ্ছাদূত থেকে বাদ পড়লেন সাকিব
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছাদূত থেকে ক্রিকেটার সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২৮ আগস্ট) বিএসইসি-এর কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন বিএসইসি-এর দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছাদূত। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি।
ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বিএসইসি-এর সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।
পরে বিএসইসি-এর নেতৃত্ব বদল হয়ে অধ্যাপক শিবলী রুবাইয়া-উল-ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয়। ২০২০ সালে শিবলীর নেতৃত্বে বিএসইসি পুনর্গঠন হলেও শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয় সাকিব আল হাসানকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে