নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফিরতে চান সাকিব আল হাসান
দেশে নেই, জাতীয় দল থেকেও বেশ কয়েকদিন ধরে দূরে আছেন। তবুও বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে পোস্টার বয় সাকিব আল হাসান বরাবরের মতোই আছেন আলোচনার কেন্দ্রে। দেশের জার্সিতে তার খেলা নিয়ে নতুন করে জোরেশোরে গুঞ্জন শুরু হয়েছে।
জল্পনা ছিল, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিবকে দলে ফেরানো হতে পারে। তবে তা আর হচ্ছে না। কারণ পাকিস্তান সিরিজের জন্য সাকিবকে বাদ দিয়েই ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মূলত জুলাই অভ্যুত্থানের পর তার নামে হওয়া মামলার ব্যাপারে কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব। তাই এই সিরিজে তার খেলা হচ্ছে না, বাড়ছে ভক্তদের অপেক্ষা।
তবে পাকিস্তান সিরিজে না খেললেও আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার আশা করছেন সাকিব। দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। নিজের ফিটনেস ধরে রাখতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন সাকিব।
বাংলাদেশের জার্সিতে সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমনকি ক্রিকেটাররাও তাকে ফেরানোর পক্ষে কথা বলছেন। এই তো দুদিন আগেই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজ অনেকটাই সহজ হয়ে যায়।
প্রসঙ্গত, ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর বাংলাদেশের মাটিতে খেলে অবসরে যাওয়ার ইচ্ছার কথা জানালেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে দলের বাইরে রাখা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে