শাহজালাল মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস বৃহস্পতিবার (৭ মে) শুরু হচ্ছে। সকালে গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং পরদিন ফজরের সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এ উপলক্ষে মাজার পরিচালনা কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-আশেকানরা সিলেটে আসতে শুরু করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওরস উপলক্ষে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এ গিলাফ ছড়ান।
গিলাফ ছড়ানো শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে। আমি তার প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ ছড়ানো একটি দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতি বছর জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ওরসের সূচনালগ্নে এ আনুষ্ঠানিকতা পালিত হয়।
সিলেটে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি আব্দুল করিম কীম বলেন, চিরাচরিত প্রথা অনুযায়ী এবারও নগরের নাইওরপুল থেকে গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং পরদিন ভোরে ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে