Views Bangladesh Logo

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিন চলবে ২০ ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে। প্রথম দিন এই টার্মিনাল ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে আগামী বছরের মে মাস পর্যন্ত সময় লাগতে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিমানমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

তিনি বলেন, আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু করা হবে। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন ২০টি উড়োজাহাজ চলাচলের মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে।

২০১৭ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পে বাংলাদেশ সরকার ৫ হাজার কোটি টাকা অর্থায়ন করেছে। বাকি অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ থেকে নেওয়া হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। তখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ