শাহজালাল বিমানবন্দরকে ‘নীরব এলাকা’ ঘোষণা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে আনুষ্ঠানিকভাবে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা কার্যকরের মাধ্যমে বিমানবন্দর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুলশান-২ গোলচত্বরে আয়োজিত শব্দ সচেতনতামূলক সমাবেশে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, এখন থেকে বিমানবন্দর এলাকায় অপ্রয়োজনীয় হর্ন ও অন্যান্য শব্দদূষণমূলক কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলো সরকারি নীতিমালা অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
ডিএনসিসি প্রশাসক আরও জানান, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা এলাকাও ইতোমধ্যে নীরব এলাকা হিসেবে ঘোষিত রয়েছে। এসব এলাকায় শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্থানীয় সোসাইটিগুলোর সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সমাবেশে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে বিভিন্ন সড়কে সাইনবোর্ড স্থাপন, গণমাধ্যমে প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে ক্ষমতা দেওয়ার পর থেকে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সিগন্যাল নিয়ন্ত্রণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে