রুমমেট হত্যা মামলায় আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে
রাজধানীর মতিঝিলে রুমমেট মোহাম্মদ ওবায়দুল্লাহকে হত্যা করে মরদেহ সাত টুকরা করার মামলায় গ্রেপ্তার শাহিন আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক মো. শাহরিন হোসেন বলেন, আসামি ও ভিক্টিম রুমমেট ছিলেন। হোটেলে কাজ করা আসামি পূর্বপরিকল্পিতভাবে ধারালো চাপাতি নিয়ে বাসায় এসে মনোমালিন্যের জেরে ভিক্টিমকে কোপ দেয়। তিনি ভিক্টিমের শরীর খণ্ডিত করেন এবং কিছু অংশ তুরাগ নদী থেকে উদ্ধার হয়। এখনো দুইটি অংশ উদ্ধার হয়নি।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
প্রাথমিক তদন্তে জানা যায়, অনৈতিক প্রস্তাব ও ঝগড়া-বিবাদের জেরে শাহিন আলম ওবায়দুল্লাহকে হত্যা করে মরদেহ খণ্ডিত করেন। নিহতের বাবা হামিদ মিঞা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে