ফেসবুকে লাইভে ঘোষণার ৮ দিন পর গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুর
গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনারে হাতুড়ি দিয়ে আঘাত করে একটি অংশ ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান জানান, গত ১৮ অক্টোবর অভিযুক্ত প্রশিক্ষক ফেসবুক লাইভে এসে শহীদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং লাথি মারেন। এ ঘটনার ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে বলেও দাবি করেন অধ্যক্ষ।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে দাপ্তরিক পরামর্শে অভিযোগপত্র পাঠানোর পাশাপাশি গত ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার থানার তদন্ত কর্মকর্তা ইনস্টিটিউটে এসে সাক্ষাৎ করার পরদিন সোমবার সকালে অভিযুক্ত প্রশিক্ষক শহীদ মিনারের মাঝের একটি পিলারের নিচের বেশ কিছু টাইলস ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।
অধ্যক্ষ বলেন, ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে ঘটনার পর থেকে মোহাম্মদ আহসান হাবীবের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন