আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম
বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তুলতে দ্রুত উন্নয়নকাজ শুরু করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় সারাদেশে খেলার মাঠ সংরক্ষণ এবং খালি জায়গা চিহ্নিত করে নতুন মাঠ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গ্রামাঞ্চল ও ঢাকা মহানগরীতে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে পরিচিত ছিল। এটিকে আবার সেই অবস্থানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মানদণ্ড অনুসরণ করে আধুনিকায়ন করা হবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বগুড়ায় আলাদা কোনো জেলা স্টেডিয়াম নেই, যা একটি ব্যতিক্রমী বিষয়। সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে বগুড়ার এই স্টেডিয়ামকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হচ্ছে।
আমিনুল হক জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির কর্মকর্তারা দীর্ঘদিন অবহেলিত এই স্টেডিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের ভেন্যুতে রূপান্তরের বিষয়ে একমত হয়েছেন।
এছাড়া আগামী জুলাই মাসে এখানে অনূর্ধ্ব-১৯ নারী বিপিএল আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। সে লক্ষ্যেই প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে শিগগিরই কাজ শুরু হবে।
স্টেডিয়াম পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে