Views Bangladesh Logo

বিজিএমইএর নতুন মহাসচিব শহীদুল ইসলাম

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শহীদুল ইসলাম। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মো. শহীদুল ইসলামের সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও উচ্চশিক্ষা খাতে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্ব, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং নীতিনির্ধারণী দক্ষতা দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিজিএমইএ।

কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা (ডিফেন্স অ্যাটাশে) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ লিজিয়ন অব মেরিট পদকে ভূষিত হন।

শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শ্রমিকদের দক্ষতা মূল্যায়ন ও উন্নয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তার এমফিল, এমবিএ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ডিন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোষাধ্যক্ষ ও অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতিসংঘের একাধিক শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর শহীদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএতে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ও উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ