সংকটকালে সাহাবুদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৪ সালের রাজনৈতিক সংকটকালে রাষ্ট্রকে সাংবিধানিক ধারায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাহাবুদ্দিন বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন এবং রাষ্ট্রপতির পদকে বিএনপি ব্যক্তি নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় শুরুতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে সমালোচনা ছিল। তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের আগে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সে সময় রাষ্ট্রকে সাংবিধানিক পথে রাখতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে সবসময় যথাযথ মর্যাদার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি। তবুও তিনি দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। মো. সাহাবুদ্দিন সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি জানান, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি পরিবর্তনের পুরো প্রক্রিয়াই সংবিধান ও আইনের বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে।
মতামত দিন