Views Bangladesh Logo

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে সপরিবারে বঙ্গভবন ত্যাগ করে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।

গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের কারণ সম্পর্কে সংক্ষেপে তিনি জানান, তিনি অসুস্থ, তাই এই সিদ্ধান্ত। সংবিধান অনুযায়ী পাঁচ বছর মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি দায়িত্বে ছিলেন প্রায় তিন বছর তিন মাস। দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক কর্তব্য পালন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মধ্য দিয়েই রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্বের সমাপ্তি ঘটে, আর রোববার বঙ্গভবন ত্যাগের মাধ্যমে শেষ হলো রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার অবস্থানের অধ্যায়।

জানা গেছে, গুলশান-১ এলাকার ১২৩ নম্বর রোডে অবস্থিত ‘গ্রিন ভিলা’র পঞ্চম তলায় সাবেক রাষ্ট্রপতির থাকার ব্যবস্থা করা হয়েছে। তার বঙ্গভবন ত্যাগের আগেই সেখানে নিরাপত্তাকর্মী নিয়োগ ও বিটিসিএলের নতুন টেলিফোন সংযোগসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। বঙ্গভবনের কর্মকর্তারাও তার ব্যক্তিগত মালামাল নতুন বাসভবনে স্থানান্তরের প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।

প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকে হাফিজ উদ্দিন আহমদ দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন এবং জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

সদ্যবিদায়ী রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে ইতিমধ্যে জানিয়েছে সরকার। তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) ছয় মাসের একটি বিধান কার্যকর রয়েছে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার মাধ্যমেও তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ