সম্পদ কমলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান
বলিউডের অভিনেতাদের মধ্যে সম্পদের হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ‘কিং খান’-এর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ড থেকেও বড় অঙ্কের সম্পদ গড়েছেন এই অভিনেতা।
শাহরুখ খানের সম্পদের বড় একটি অংশ এসেছে বিনোদন ও ক্রীড়া ব্যবসা থেকে। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পাশাপাশি ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গেও যুক্ত তিনি। এসব ব্যবসায়িক উদ্যোগ তাঁর মোট সম্পদের পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে শাহরুখের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তালিকা অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান।
অন্যদিকে, বলিউডের আরেক জনপ্রিয় তারকা হৃতিক রোশনের সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি রুপি। এ হিসাব অনুযায়ী, শাহরুখের সঙ্গে তালিকার পরবর্তী অভিনেতাদের সম্পদের ব্যবধান বেশ বড়।
তবে শীর্ষস্থান ধরে রাখলেও গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পদ কমেছে। ২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। এক বছরের ব্যবধানে তা কমে ১০ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, এই সময়ে তাঁর সম্পদ কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি।
এর আগে চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টেও শাহরুখ খানের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি দেখানো হয়েছিল। ফলে বিভিন্ন সময়ে প্রকাশিত হুরুনের তালিকায় তাঁর সম্পদের হিসাবে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
মতামত দিন