আলিয়ার ‘আলফা’ টিজার নিয়ে শাহরুখ বললেন ‘হৃদয় ভাঙা থেকে এবার হাড় ভাঙা’
বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আলফা’র টিজার প্রকাশের পর অভিনেত্রী আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ডিয়ার জিন্দেগি’র সহ-অভিনেত্রী আলিয়ার নতুন অ্যাকশন অবতারের প্রশংসা করে শাহরুখ লেখেন, ‘দারুণ কাজ আলিয়া। এতদিন হৃদয় ভাঙার পর এবার হাড় ভাঙার পর্যায়ে পৌঁছে গেছ। তোমার দক্ষতার পরিধি ক্রমেই বাড়ছে।’ মজার ছলে তিনি আরও যোগ করেন, ‘যাও, ওদের ধরে ফেলো সিগমা গার্ল।’
শুধু আলিয়াই নন, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ববি দেওলেরও ভূয়সী প্রশংসা করেন শাহরুখ। তিনি লেখেন, ‘লর্ড ববি... খারাপ চরিত্রে তুমি অসাধারণ! অনেক ভালোবাসা।’
১ মিনিট ৫৫ সেকেন্ডের টিজারে প্রথমবারের মতো দেখা যায় আলিয়ার চরিত্র ‘সীতা’র পটভূমি। গল্পে তাকে ভারতের পরবর্তী প্রজন্মের এলিট সৈনিক তৈরির গোপন প্রশিক্ষণ কর্মসূচি ‘আলফা’-তে নিয়োগ দেওয়া হয়।
ছবিটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। এতে আলিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন শারভারি।
আলফা হচ্ছে ইয়াশ রাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সের প্রথম নারী-নেতৃত্বাধীন চলচ্চিত্র। প্রযোজনা প্রতিষ্ঠানটি ছবিটির মুক্তির তারিখ এক সপ্তাহ এগিয়ে এনে আগামী ৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছে।

মতামত দিন