ভারতের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুর তালিকায় এবার সবার শীর্ষে শাহরুখ খান
ভারতের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুর তালিকায় ঘটে গেছে বড় ধরনের পরিবর্তন। পরামর্শক সংস্থা ক্রোল প্রকাশিত বার্ষিক 'সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট-২০২৫' অনুযায়ী, গত বছরের শীর্ষস্থান দখলকারী ক্রিকেট তারকা বিরাট কোহলিকে টপকে দেশের সবচেয়ে মূল্যবান তারকা ব্র্যান্ডের আসনে বসেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
প্রতিবেদন অনুযায়ী ১৭৭ দশমিক ৯ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন শাহরুখ খান। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গত কয়েক বছরে প্রেক্ষাগৃহে তার কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়া সত্ত্বেও এই অর্জন করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া 'ডানকি'র পর থেকে কোনো সিনেমাতেই দেখা যায়নি তাকে, তবুও শক্তিশালী ব্র্যান্ড এনডোর্সমেন্ট পোর্টফোলিও এবং ডিজিটাল প্রভাবের জোরে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন এই সুপারস্টার। চলতি বছরের ডিসেম্বরে পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'কিং' সিনেমা মুক্তির মধ্য দিয়ে দীর্ঘ বিরতি শেষ করবেন তিনি।
তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন অভিনেতা রণবীর সিং। তার ব্র্যান্ড ভ্যালু ১৬২ দশমিক ৯ মিলিয়ন ডলার। সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ারে বড় উত্থান ঘটেছে 'ধুরন্ধর' সিনেমার সাফল্যের মধ্য দিয়ে, যা বিশ্বজুড়ে বিপুল ব্যবসায়িক সাফল্য পেয়েছে। অন্যদিকে গত বছরের শীর্ষস্থান হারিয়ে এবার তিন নম্বরে নেমে গেছেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। তার বর্তমান ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে ১৫৮ দশমিক ৪ মিলিয়ন ডলার। চার ও পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও এমএস ধোনি। শচীনের ব্র্যান্ড ভ্যালু ১২৫ দশমিক ৯ মিলিয়ন ডলার, আর ধোনির উল্লেখযোগ্য এনডোর্সমেন্ট বৃদ্ধির সুবাদে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।
নারী তারকাদের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছেন আলিয়া ভাট, যার ব্র্যান্ড ভ্যালু ৯৩ দশমিক ২ মিলিয়ন ডলার এবং সার্বিক তালিকায় তিনি রয়েছেন ছয় নম্বরে। এই তালিকায় নিজের স্বামী রণবীর কাপুরকেও পেছনে ফেলেছেন তিনি, যিনি ৮০ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে অবস্থান করছেন দশম স্থানে। শীর্ষ দশের বাকি স্থানগুলো পূরণ করেছেন দীপিকা পাডুকোন, হৃতিক রোশন এবং অমিতাভ বচ্চন।
ক্রোলের এই প্রতিবেদন অনুসারে, ভারতের শীর্ষ ২৫ তারকার মোট ব্র্যান্ড মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ কম। তালিকায় স্থান পাওয়া ১৩ জন পুরুষ এবং ১২ জন নারীর ব্র্যান্ড ভ্যালু নির্ধারণে বিভিন্ন ব্র্যান্ডের এনডোর্সমেন্ট পোর্টফোলিও এবং সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতিকে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। গ্রুপএম ইএসপির বিজনেস হেড ভিনিত কার্নিক মন্তব্য করেন, ভারতের সেলিব্রিটি এনডোর্সমেন্টের দৃশ্যপট প্রতিনিয়ত বিকশিত হচ্ছে, যেখানে শাহরুখ খান, এমএস ধোনি ও বিরাট কোহলির মতো প্রতিষ্ঠিত তারকারা তাদের শক্তিশালী ব্র্যান্ড অবস্থান বজায় রাখলেও নতুন প্রজন্মের ও ডিজিটাল-নির্ভর তারকারাও দ্রুত এগিয়ে আসছেন।
মতামত দিন