‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ শাহরুখ, বললেন ‘দুই পর্বই দারুণ’
নিজের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড তারকা শাহরুখ খান। এর মধ্যেই রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন তিনি। সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে শাহরুখ জানান, সিনেমাটির দুই কিস্তিই তার ভালো লেগেছে এবং পুরো দলের কাজ তার কাছে অসাধারণ মনে হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শাহরুখ। এ সময় এক অনুরাগী তাকে সরাসরি প্রশ্ন করেন, তিনি ‘ধুরন্ধর’ দেখেছেন কি না। জবাবে শাহরুখ বলেন, ‘সিনেমার দুটো ভাগই দারুণ লেগেছে। গোটা দলের কাজ অসাধারণ।’ এতদিন সিনেমাটি নিয়ে নীরব থাকার পর কিং খানের এই মন্তব্য ঘিরে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
‘ধুরন্ধর’ নিয়ে এর আগে বলিউডের বেশ কয়েকজন তারকাই প্রকাশ্যে প্রশংসা করেছিলেন। সিনেমাটির সাফল্য ও নির্মাণ নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন অক্ষয় কুমার, করণ জোহর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, শিল্পা শেঠি ও প্রীতি জিনতাসহ অনেকে। হৃতিক রোশন, অনুপম খের এবং রাজকুমার রাওয়ের মতো তারকারাও সিনেমাটির প্রশংসা করেন।
শুধু বলিউডেই সীমাবদ্ধ ছিল না ‘ধুরন্ধর’-এর প্রশংসা। দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ, আল্লু অর্জুন ও বিজয় দেবেরাকোন্ডাও সিনেমাটির কলাকুশলীদের কাজের প্রশংসা করেছিলেন। তবে এতদিন শাহরুখ খান এ বিষয়ে কোনো মন্তব্য না করায় তার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন ভক্তরা। এবার সেই অপেক্ষার অবসান হলো।
এদিকে শাহরুখ নিজেও বর্তমানে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, রাঘব জুয়াল, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুরসহ একাধিক তারকা।
উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ প্রথমবার প্রেক্ষাগৃহে আসে ২০২৫ সালের ৫ ডিসেম্বর। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। এরপর ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দ্বিতীয় পর্বও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে এবং বক্স অফিসে সাফল্য পায়।
মতামত দিন