১৫ বছর পর পর্দায় একসঙ্গে শাহরুখ-কারিনা
দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খান। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এর বিশেষ সংস্করণে দেখা গেছে এই জুটিকে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমার পর এটিই তাঁদের প্রথম একসঙ্গে কাজ।
সিনেমাটির প্রচারের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। গানটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও... গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো দারুণ!’ একই পোস্টে তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।
গানের ভিডিওতে রঙিন পার্টির আবহে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচতে দেখা গেছে শাহরুখ ও কারিনাকে। কালো শার্ট-প্যান্ট, গয়না এবং পাকা-কালো চুলের সাজে হাজির হয়েছেন শাহরুখ। অন্যদিকে কারিনাকে দেখা গেছে দুটি ভিন্ন পোশাকে। শুরুতে লাল গাউন ও খোলা চুলে এবং পরে কালো পোশাকে পর্দায় উপস্থিত হন তিনি।
‘ড্যাডি কুল’-এর নতুন সংস্করণটির সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগর। কথা লিখেছেন কুমার। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট। সংগীত প্রযোজনার কাজে যুক্ত ছিলেন রোমিল বেদ, অভিষেক সিং, অমৃত শর্মা ও রিদম শ।
১৯৭৬ সালে বনি এমের জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’ প্রকাশিত হয়। ফ্র্যাঙ্ক ফারিয়ান ও জর্জ রেয়াম গানটির রচয়িতা। বনি এমের প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’-তে গানটি স্থান পেয়েছিল। নতুন সংস্করণে পুরোনো গানটিকে ভিন্ন সংগীতায়োজনে উপস্থাপন করা হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’-এ শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মতামত দিন