শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা জোটের নেতা হিসেবে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও উল্লেখ করা হয়। সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা সম্পর্কিত আইনের আলোকে স্পিকার তাদের এই স্বীকৃতি দেন।
সংসদীয় মর্যাদাক্রম অনুযায়ী বিরোধীদলীয় নেতা পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা ভোগ করেন। সেই হিসেবে জামায়াত আমিরের এই স্বীকৃতি সংসদীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকেও গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়। এর আগে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়। একই দিনে আব্দুল্লাহ তাহেরকে বিরোধী দলের উপনেতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে