দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে শেড, সৌরবিদ্যুৎ প্যানেলও
মাঠে খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বিশেষ ছাউনি বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে দর্শকদের সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয়। তীব্র রোদ বা বৃষ্টিতে সেখানে খেলা উপভোগ করা কঠিন হয়ে পড়ে, যদিও এই গ্যালারির টিকিটের দাম তুলনামূলক কম এবং দর্শক উপস্থিতি সবচেয়ে বেশি।
তিনি জানান, প্রায় ২৭ হাজার বর্গফুট এলাকায় ছাউনি স্থাপন করা হবে, যাতে পুরো গ্যালারিটি ছায়ার আওতায় আসে। ইতিমধ্যে এ কাজের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আশা করছে বোর্ড।
উল্লেখ্য, স্টেডিয়ামের অন্যান্য গ্যালারি—যেমন শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড, উত্তর ও দক্ষিণ গ্যালারি এবং গ্র্যান্ড স্ট্যান্ড—ইতিমধ্যে ছাউনিযুক্ত হওয়ায় সেখানে দর্শকদের তেমন সমস্যায় পড়তে হয় না।
এর পাশাপাশি গরমে স্বস্তি দিতে ক্লাব হাউস এলাকায় পরীক্ষামূলকভাবে বড় পাখা স্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ খরচ কমাতে স্টেডিয়ামের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও করছে বিসিবি। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন আমিনুল হক। পরিকল্পনা অনুযায়ী, পুরো স্টেডিয়ামের ছাদজুড়ে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুতের একটি অংশ নিজস্বভাবে উৎপাদন করা হবে।
তামিম ইকবাল জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই করে বিনিয়োগ ও সুবিধার দিক বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে