আজ পবিত্র শবে বরাত
আজ মঙ্গলবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এ রাতটি মুসলমানদের কাছে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত।
এ উপলক্ষে মসজিদে-মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর রহমত, মাগফেরাত ও নৈকট্য লাভের আশায় সময় কাটাবেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এ রাতকে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
বাণীতে তিনি বলেন, ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে শুদ্ধ পথে পরিচালিত করে আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত লাভ করা সম্ভব।
শবে বরাত উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।
এ রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও এ উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে