Views Bangladesh Logo

দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মীর মৃত্যু, গ্রেফতার ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সোনিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সোনিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। গত ২৯ আগস্ট রাতে নিজ কক্ষে ঢুকে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায় বলে জানা গেছে।

পরদিন সকাল ৬টার দিকে সোনিয়ার বান্ধবী আইরিন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোনিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার ঘটনায় সোনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা জুয়েল সরদার (৩৫) নামে এক যুবককে ওই দিনই গ্রেফতার করে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মণ্ডলপাড়ার নুকু সরদারের ছেলে। সোনিয়ার কক্ষে তার নিয়মিত যাতায়াত ছিল বলে জানা গেছে।

তবে সোনিয়ার ওপর হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, খদ্দেরের ছদ্মবেশে কোনো দুর্বৃত্ত সোনিয়ার কক্ষে ঢুকে মূল্যবান সামগ্রী লুটের উদ্দেশ্যে হামলা চালিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো তথ্য এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপু বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, যৌনকর্মী সোনিয়ার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ওই দিনই আমরা জুয়েল নামের যুবককে গ্রেফতার করি। পরবর্তীতে এ ঘটনায় মামলা হয়েছে। সোনিয়ার ওপর হামলা ও মৃত্যুর ঘটনায় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আমরা তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখছি।

ময়নাতদন্ত শেষে সোনিয়ার মরদেহ স্বজনরা বরিশালের গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপু।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ