আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটপাটের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদা না দেয়ায় এসব হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
শনিবার (১৫ মার্চ) সকালে আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাওন চৌধুরী জানান, তোফাজ্জল হোসেন মুফার বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে যে কাউকেই বহিষ্কার করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে তোফাজ্জল হোসেন মুফা বেপরোয়া হয়ে ওঠেন। দলের নাম ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, তিনি প্রায়ই হিন্দু ও প্রবাসীদের বাড়িতে ভয়ভীতি দেখিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করতেন। সম্প্রতি তিনি কালীগঞ্জের একজন সাংবাদিককে অপদস্থ করেছেন বলে অভিযোগ ওঠে। এসব কারণে দলীয় নেতাদের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়।
এ বিষয়ে বহিষ্কৃত তোফাজ্জল হোসেন মুফা বলেন, ‘রাজনীতির প্রকৃত রীতি যারা বোঝেন না, তারাই আমার বহিষ্কারাদেশ শুনে আলহামদুলিল্লাহ বলছেন।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে