Views Bangladesh Logo

ভারী বৃষ্টিপাত ও অবরোধের কারণে ঢাকায় তীব্র যানজট

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা এবং চলমান রাজনৈতিক বিক্ষোভের কারণে ঢাকা শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির কারণে বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকালে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান। যার ফলে এসব এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

একই সময়ে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শহরিয়ার আলম সাম্যর হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান দিয়ে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্রতিবাদ কর্মসূচির কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে।

অন্যদিকে আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলা ভারী বৃষ্টিতে ধানমন্ডি ও নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে গেলে যানজটে আটকা পড়েন অনেক যাত্রী ও চালক।

উত্তরা থেকে গুলিস্তানগামী এক বাসচালক বলেন, ‘বৃষ্টির কারণে রাস্তা প্লাবিত হয়ে গেছে। আমরা একই জায়গায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি। এভাবে চললে গুলিস্তান পৌঁছাতে পুরো দিন লেগে যাবে।’

আজিমপুরের ব্যবসায়ী হাসান বলেন, ‘জরুরি কাজে মতিঝিল যাওয়ার চেষ্টা করছিলাম। যানজট এড়াতে মোটরসাইকেল নিয়েছি কিন্তু এখন মৎস্য ভবনে এসে ৩০ মিনিট ধরে আটকে আছি।’

গুগল ম্যাপ এবং ‘ট্রাফিক অ্যালার্ট’ নামে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে যানজট মগবাজার, কারওয়ান বাজার, পান্থপথ, বিমানবন্দর সড়ক, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল ও মহাখালীসহ আরও বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে।

যানজট পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে কর্তৃপক্ষ ভিন্ন পথে যাতায়াতের পরামর্শ দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ