Views Bangladesh Logo

তীব্র লোডশেডিং: হামলার শঙ্কায় এসপির কাছে নিরাপত্তা চাইল বিদ্যুৎ অফিস

গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ ঘণ্টাই বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকেরা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকদের হামলার আশঙ্কায় নিজেদের কার্যালয়, উপকেন্দ্র ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

মঙ্গলবার (১১ আগস্ট) ওজোপাডিকোর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ নিরাপত্তা চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ওজোপাডিকোর পাওয়ার হাউজ ও গোপালগঞ্জ দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এবং জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ এলাকায় ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।

এতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণের মাধ্যমে দপ্তর, বৈদ্যুতিক স্থাপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ বা অন্য কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় নাশকতা এড়াতে ওজোপাডিকোর সব স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এগুলোকে নিয়মিত পুলিশ টহলের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি রাখার অনুরোধ জানানো হয়েছে।

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আমরা আমাদের দপ্তরসহ সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে একটি চিঠি পাঠিয়েছি। বেশ কিছুদিন ধরে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন হওয়ায় শহরে লোডশেডিং হচ্ছে।

তিনি বলেন, আমাদের চাহিদা যেখানে ১৮ মেগাওয়াট, সেখানে বরাদ্দ পাচ্ছি ৯ থেকে ১০ মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এতে গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে আমাদের অফিস ও উপকেন্দ্রে হামলা করতে পারেন বলে আশঙ্কা করছি। তাই দপ্তর, উপকেন্দ্রসহ নিজেদের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছি।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, আমি এখনো চিঠিটি হাতে পাইনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ