Views Bangladesh Logo

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে লাঠি, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক ভবনটিতে হামলা চালায়। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতির ভবনে অবস্থিত প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়।

হামলাকারীরা ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলে। এ ছাড়া লিফটের চারপাশের ঘেরাওসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।

প্রশাসকের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাঁরা সতর্ক ছিলেন। এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করছিলেন। ঘটনার সময় তাঁরাও ভবনে ছিলেন।

মামুন পাটোয়ারীর ভাষ্য, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষের সঙ্গে শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। তাঁরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনের ভেতরে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও হামলার অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, হামলাকারীদের মূল লক্ষ্য ছিল প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়। ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় ওই কার্যালয়েই বেশি ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়।

সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়টি হামলার সম্ভাব্য কারণ হতে পারে বলে মনে করছেন মামুন পাটোয়ারী। তবে হামলার পেছনে প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ