খুলনায় সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, আহত বেশ কয়েকজন
খুলনায় মধ্যরাতে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে ২ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ছাড়াও ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙা থানাধীন বানরগাতী আরামবাগ এলাকার আব্দুর রহমানের বাড়িতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও নৌবাহিনীর যৌথ বাহিনীর অভিযান চলাকালে এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে ৫/৬টি পিস্তল, বিপুল সংখ্যক গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র চায়নিজ কুড়াল, চাপাতি জব্দ করা হয়েছে। এর পাশাপাশি সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, অভিযানে আটক হওয়া সন্ত্রাসীদের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী শেখ পলাশ (৩৩), মো. আরিফুল (২৭), রুবেল ইসলাম (৩৫) ওরফে কালা লাভলু, ফজলে রাব্বি রাজন (২৬), মোহাম্মদ লিয়ন শরীফ (৩৩), ইমরানুজ্জামান (৩৩), ইমরান (৩৫), রিপন (৩৮), সৈকত রহমান (২৭), মো. মহিদুল ইসলাম (৩৫) ও মো. গোলাম রব্বানী (২৬)।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান জানান, সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে আস্তানা ঘেরাও করা হয় এবং যৌথ বাহিনীকে সংবাদ দেয়া হয়। যৌথ বাহিনী এসে ঘেরাও করলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। রাত ১২টার পর থেকে প্রায় আড়াই-তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা ওই স্থানটি এখনো ব্লক করে রেখেছি। সকালে আবারও সেখানে অভিযান চালানো হবে। অনেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে