Views Bangladesh Logo

গাইবান্ধায় ১৮ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রী, উদ্বেগে পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৩ জুলাই সন্ধ্যা থেকে তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

পরিবার জানায়, ঘটনার দিন মাগরিবের নামাজের আগে ওই ছাত্রী বাড়িতেই ছিল। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনদের মাধ্যমে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, তিনি বাজারে যাওয়ার কিছুক্ষণ পর ফোনে জানতে পারেন তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো তথ্য মেলেনি। একমাত্র মেয়েকে হারিয়ে তার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, কয়েক দিন ধরে ছাত্রীটি ক্লাসে অনুপস্থিত থাকায় খোঁজ নিয়ে তারা নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, উদ্ধার অভিযানের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিবারের পক্ষ থেকে মেয়েটির সন্ধান পেলে ০১৭৪৯০৮৯৫৮০ অথবা ০১৯১৭২৪৫১৭৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ