সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনায় সাত সদস্যের কমিটি গঠনের সুপারিশ
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের বিষয়বস্তু নির্ধারণ, অনুষ্ঠানের মানোন্নয়ন এবং চ্যানেলটির পূর্ণাঙ্গ সম্প্রচার কার্যক্রম চালুর লক্ষ্যে গঠিত ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান)।
সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংসদীয় কার্যক্রম সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার বিষয়েও মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানের বিষয়বস্তু নির্বাচন ও সম্প্রচার কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে সভায় সাত সদস্যের একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়। সংসদ বাংলাদেশ টেলিভিশনকে পূর্ণাঙ্গভাবে চালু করতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়েও সভায় আলোচনা হয়।
সভায় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, ফাহমিদা হক, বীথিকা বিনতে হোসাইন ও মারদিয়া মমতাজ অংশ নেন।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, চ্যানেল ২৪-এর প্রধান বার্তা সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন