পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে বদলি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার, বিশেষ শাখা, ঢাকার মো. জাকিরুল হাসানকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে বিশেষ শাখা, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অতিরিক্ত পুলিশ সুপার, সন্ত্রাসবিরোধী ইউনিটে বদলি করা হয়েছে। পড়াশোনা শেষে তিনি পুলিশ সদর দপ্তরে যোগ দিয়ে রিপোর্ট করেছিলেন।
বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে বিশেষ শাখা, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া বরিশাল মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
মতামত দিন