Views Bangladesh Logo

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের দাফন সম্পন্ন

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা অংশ নেন।

জানাজা শেষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।

এর আগে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে শনাক্ত হওয়া নয়জনের মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। প্রশাসনের সহযোগিতায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছায়।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারকে প্রবাসী কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতেও সরকার তাদের পাশে থাকবে। সৌদি অগ্নিকাণ্ডে নিহত অন্যদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুযায়ী, নওগাঁ থেকে নিহত সাতজন হলেন—আত্রাই উপজেলার উডানপাড়া গ্রামের মো. ফরিদ, গন্ধগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, দুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে ১৩ জনই নওগাঁর বাসিন্দা ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ