নওগাঁয় পৌঁছাল সৌদি আরবে আগুনে নিহত ৭ জনের মরদেহ, সকাল ১০টায় জানাজা
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ এলাকায় নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এই সাতজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এর আগে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহের পরিচয় শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়। রিয়াদের ওই সোফা কারখানায় আগুনে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। পরবর্তীতে সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নয়জনের পরিচয় নিশ্চিত করে।
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুযায়ী আত্রাই উপজেলার শনাক্ত হওয়া সাতজন হলেন—উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
শুরুতে আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও বর্তমানে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানান আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। এ ছাড়া একই ঘটনায় নওগাঁ সদর উপজেলার আরও একজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
ইউএনও মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সঙ্গে স্থানীয় প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যেই সৌদি আরবে পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রশাসনের সমন্বয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহগুলো সম্পূর্ণ বিনা খরচে আত্রাইয়ে নিয়ে আসা হয়েছে। জানাজা শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং অন্য মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন