Views Bangladesh Logo

দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে ৭ ধানকাটা শ্রমিক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 


সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 


পুলিশ জানায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রাকে থাকা সকলেই ধান কাটার শ্রমিক ছিলেন। 


দুর্ঘটনাস্থলেই ৭ জন প্রাণ হারান। নিহতরা হলেন— আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সকলের বাড়ি দিনাজপুর জেলায়। 


এই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮), জাহাঙ্গীর আলম (৪০)। তাদেরকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 


দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। 


দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নয়ন দে জানান, আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ