ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
ময়মনসিংহে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস। আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় মুক্তাগাছাগামী একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত সাতজন নিহত হন।
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহ বাইপাসগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে অটোররিকশার ভেতর থেকে মরদেহগুলো বের করে আনেন। পরে মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মতামত দিন